সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান):

‎বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পর্যটনকেন্দ্র তিন্দুতে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে ঘটনাস্থলে দুই জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।

‎সোমবার (৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩ ঘটিকার সময় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বলিপাড়া ব্যাটালিয়ন৩৮ বিজিবি ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করা হয়।

‎প্রাথমিকভাবে জানা গেছে,দুর্ঘটনায় নিহত ও আহত সবাই কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী এলাকার বাসিন্দা। পর্যটকবাহী ল্যান্ডক্রুজারটি তিন্দু এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

‎নিহতরা হলেন কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. জিয়াবুল (৩৫) ও মো. জসিম ওরফে পালিশ (৩৭)। জিয়াবুলের পিতা মৃত সামছু মিয়া এবং জসিমের পিতা মোজাহের হোসেন।

‎আহতরা হলেন—শীষ মো. রাসেল (৩৮), পিতা মতিউর রহমান; লিটন সিকদার (৩৭), পিতা বশির ড্রাইভার; লিটন ড্রাইভার (৪০), পিতা মো. কামাল উদ্দিন; কাদের হোসেন খলিফা কাদির (৪১), পিতা অজ্ঞাত এবং শাহজালাল হোসেন (৩৫), পিতা অজ্ঞাত।

‎স্থানীয়রা জানান, দুর্ঘটনার খবর পেয়ে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। পরে তারা খাদে পড়ে থাকা গাড়ি থেকে হতাহতদের উদ্ধারে অংশ নেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

থানচি থানার অফিসার ইনচার্জ (ওসি) কানন  সরকার জানান,ঘটনা স্থলে ২ জন নিহত হয়েছে মর্মে জেনেছি । বিস্তারিত ঘটনাস্থলে গিয়ে জানতে পারব। নিহতদের উদ্ধার করতে একটি টিম গেছে। আমরা যাচ্ছি।