আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় জরুরি সাড়াদান পদ্ধতি শক্তিশালীকরণবিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, নাইক্ষ্যংছড়ির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহাঙ্গীর আলী খান। এতে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এনামুল হাসান।

প্রশিক্ষণে প্রধান অতিথি দুর্যোগকালীন জরুরি সাড়াদান, প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং সমন্বিতভাবে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২, দুর্যোগবিষয়ক স্থায়ী আদেশাবলি (এসওডি)-২০১৯ এবং উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে জানানো হয়, দুর্যোগের পূর্বাভাস ও সতর্কবার্তা জানতে ১০৯০ নম্বরে ফোন করে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ অনুযায়ী আইন লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ সময় আপদ ও দুর্যোগের মধ্যে পার্থক্য তুলে ধরে বলা হয়, কোনো বিপদ বা ঝুঁকি এককভাবে মোকাবিলা করা সম্ভব হলে তা আপদ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, যে পরিস্থিতি মোকাবিলায় সম্মিলিত প্রচেষ্টা ও সমন্বিত ব্যবস্থাপনার প্রয়োজন হয়, তা দুর্যোগ হিসেবে বিবেচিত হয়।

প্রশিক্ষণে বিশ্বে ৩৯ ধরনের দুর্যোগের বিষয় উল্লেখ করে বাংলাদেশে উপজেলা পর্যায়ের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির গঠন, সদস্যদের দায়িত্ব ও দুর্যোগকালীন করণীয় সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়।

এতে দুর্যোগ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।