আলীকদম প্রতিনিধি:

বান্দরবানের আলীকদমে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘সিএইচটি ইয়ুথ ক্যাম্প ২০২৬’। ‘কো-ক্রিয়েটিং সলিউশনস ফর আ রেজিলিয়েন্ট টুমরো’ (Co-Creating Solutions for a Resilient Tomorrow) প্রতিপাদ্যকে সামনে রেখে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে দ্যা দামতুয়া ইন-এর হলরুমে ক্যাম্পের উদ্বোধন করা হয়। আগামীকাল বুধবার (১৮ নভেম্বর) পর্যন্ত এ আয়োজন চলবে।

‘পার্টনারশিপ ফর রেজিলিয়েন্ট লাইভলিহুড ইন চিটাগং হিল ট্র্যাক্টস রিজিয়ন’ (PRL-CHT) এবং ‘ইকোসিস্টেমস রেস্টোরেশন অ্যান্ড রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট ইন দ্য সিএইচটি’ (ERRD-CHT) প্রকল্পের উদ্যোগে এ যুব ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে সার্বিক সহযোগিতা করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও লোকাল ভলান্টিয়ার মিডিয়েটরস ফোরাম (LVMF)।

ইউএনডিপির বান্দরবান জেলা ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যানু মার্মা।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য আগস্টিন ত্রিপুরা, আলীকদম থানার উপপরিদর্শক (এসআই) উপন বড়ুয়া, আলীকদম সদর ইউনিয়ন পরিষদের সদস্য রেহানা বেগম এবং আলীকদম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা উচিং মারমা। এ সময় যুব ক্যাম্পের অংশগ্রহণকারীরাও উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন, পরিবেশ ও বাস্তুতন্ত্রের সুরক্ষা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ বিনির্মাণে স্থানীয় তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি তরুণদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের মাধ্যমে পার্বত্য অঞ্চলের উন্নয়নে তাঁদের সম্পৃক্ত করাও এ ক্যাম্পের লক্ষ্য।

দুই দিনব্যাপী এ ক্যাম্পে স্থানীয় তরুণ-তরুণীরা দলগত আলোচনা, বিভিন্ন কর্মশালা ও ধারণা উপস্থাপনের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সেসব চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের উদ্ভাবনী পরিকল্পনা তুলে ধরবেন।

আয়োজকদের আশা, এ ক্যাম্পের মাধ্যমে পার্বত্য অঞ্চলের তরুণদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নেতৃত্বের বিকাশ ও পরিবেশবান্ধব উন্নয়ন ভাবনার প্রসার ঘটবে। একই সঙ্গে একটি টেকসই, সহনশীল ও সমৃদ্ধ পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে তরুণদের কার্যকর ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হবে।