সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম;

বান্দরবানের আলীকদমে লোকাল বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু চক্রবর্তী (৪১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শিবাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজু চক্রবর্তী আলীকদম থানায় কর্মরত ছিলেন। তিনি ২২ বছর ধরে পুলিশ বিভাগে চাকরি করছিলেন। তাঁর নিজ জেলা কক্সবাজার।

পুলিশ সূত্রে জানা যায়, সরকারি কাজে মোটরসাইকেলযোগে আলীকদম থেকে লামার দিকে যাচ্ছিলেন কনস্টেবল সাজু চক্রবর্তী। এ সময় চকরিয়া থেকে আলীকদমের দিকে আসা একটি লোকাল বাস শিবাতলী এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে আলীকদম থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের পরিচয় শনাক্ত করে। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে নিহতের মরদেহ আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাহাড়ি ও আঁকাবাঁকা সড়কে যানবাহনের অতিরিক্ত গতি এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আলীকদমে সড়ক দুর্ঘটনায় একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাঁর মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।