আবদুর রশিদ, বান্দরবান;
বান্দরবানের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল, সমৃদ্ধ ও সম্ভাবনাময় করে তুলতে নতুন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা পরিষদের সদস্য ও ক্রীড়াবিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কাজী নিরুতাজ বেগম। স্থানীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা, নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের উৎসাহিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানান তিনি।
বুধবার (১৮ নভেম্বর) বান্দরবান জেলা ক্রীড়া অফিস পরিদর্শনকালে এসব উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। পরিদর্শন শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে আয়োজিত আনন্দ উৎসবে যোগ দেন এবং ২০ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি, কারাতে প্রশিক্ষক উ ক্য হ্লা, ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একিনু মারমাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে জেলা ক্রীড়া অফিসের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন কাজী নিরুতাজ বেগম। এ সময় জেলা ক্রীড়া অফিসের কার্যক্রম আরও গতিশীল করতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, বান্দরবানের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে শুধু প্রতিযোগিতার আয়োজন করলেই হবে না, খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ওপরও গুরুত্ব দিতে হবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে তাঁদের উপযুক্ত প্রশিক্ষণের আওতায় আনতে হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণমূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি আরও জানান, জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে। বান্দরবানের ক্রীড়াঙ্গনের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আয়োজন করা হবে স্পোর্টস কনফারেন্স। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখা স্থানীয় কৃতী খেলোয়াড়দের জন্য প্রণোদনা, সংবর্ধনা ও সম্মাননা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, বান্দরবানের পাহাড়ি জনপদে বিভিন্ন খেলাধুলায় প্রতিভাবান তরুণ-তরুণীর সংখ্যা কম নয়। তবে পর্যাপ্ত প্রশিক্ষণ, আধুনিক ক্রীড়া সরঞ্জাম, নিয়মিত প্রতিযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে অনেক প্রতিভাই যথাযথভাবে বিকশিত হওয়ার সুযোগ পায় না। জেলা পরিষদের নতুন উদ্যোগগুলো বাস্তবায়িত হলে স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করছেন ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিরা।
এদিকে, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত আনন্দ উৎসবে অংশ নিয়ে তাদের সঙ্গে সময় কাটান কাজী নিরুতাজ বেগম। পরে ২০ জন শিশুর হাতে পুরস্কার তুলে দেন তিনি। এ আয়োজনের মধ্য দিয়ে শিশুদের আনন্দ, উৎসাহ ও সামাজিক অন্তর্ভুক্তির বিষয়টিও গুরুত্ব পায়।
ক্রীড়াসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রত্যাশা, পরিকল্পিত প্রশিক্ষণ, নিয়মিত প্রতিযোগিতা ও খেলোয়াড়দের যথাযথ মূল্যায়নের মাধ্যমে বান্দরবানের ক্রীড়াঙ্গন নতুন উচ্চতায় পৌঁছাবে।
