নিজস্ব প্রতিবেদক:
সাগরপথে মাদকের আগ্রাসন ঠেকাতে টেকনাফে আবারও বড় সাফল্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
মহেশখালী পাড়ার পুরুল্লার ঘাট এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে দেড় লক্ষ পিস ইয়াবা। এ সময় গ্রেপ্তার করা হয়েছে তিন রোহিঙ্গা মাদক কারবারিকে।
শনিবার দুপুরে টেকনাফের ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালী পাড়া মেরিন ড্রাইভ সংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় এ অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন—এসআরবি-১৫।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি দল জানতে পারে—পুরুল্লার ঘাট এলাকায় ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে কয়েকজন মাদক কারবারি।
খবর পেয়ে দুপুর আনুমানিক সাড়ে ২টার দিকে সেখানে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক কারবারিরা। তবে শেষ রক্ষা হয়নি।
দক্ষতার সঙ্গে আটক করা হয় তিনজনকে।
পরে তাদের তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— কুতুপালং ক্যাম্পের ইমাম হোসেন, বালুখালী ক্যাম্পের নূর আলম,এবং জম মুল্লোক।
আইনশৃঙ্খলা বাহিনী বলছে, সীমান্তবর্তী টেকনাফকে মাদকের করালগ্রাস থেকে মুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা আলামতসহ গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে টেকনাফ মডেল থানায়।
মাদকের বিরুদ্ধে লড়াইয়ে সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
