পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামায় বজ্রসহ ঝড়ো বাতাসের তাণ্ডবে দুটি বসতঘর ও চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন বাইন্যাঘোনা এলাকার ছৈয়দ নুর ও ফোরকান। তাদের বসতঘর ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া রিদুয়ান, কামাল, ছিদ্দিক ও আলীর দোকানঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয়রা জানান, হঠাৎ বজ্রসহ ঝড়ো বাতাস শুরু হলে মুহূর্তের মধ্যে কয়েকটি বসতঘর ও দোকান ক্ষতিগ্রস্ত হয়। আকস্মিক এ দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের মধ্যে দুর্ভোগ নেমে এসেছে।

এদিকে পেকুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের আরও কয়েকটি গ্রামে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের নাম-ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীদের দ্রুত সরকারি সহায়তা দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।