মো. আরাফাত সানি, টেকনাফ;
কক্সবাজারের টেকনাফে বজ্রপাতে মো. আলম (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। আহত আলম ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ডেগিল্যার বিল এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুরু মাঝির বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে মাঠে ধান চাষের কাজ করার সময় হঠাৎ বজ্রপাত হলে আলম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক দেবাশীষ সরকার জানান, বেলা আড়াইটার দিকে মো. আলম নামের এক কৃষককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার জ্ঞান ফিরে আসে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
আহত আলমের বাবা নুরুল ইসলাম জানান, মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতের বিকট শব্দে তার ছেলে গুরুতর আহত হন। বর্তমানে তাকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালের উদ্দেশে রওনা হয়েছেন তারা।
