স্টাফ রিপোর্টার, পেকুয়া:

কক্সবাজারের কুতুবদিয়ায় বজ্রপাতে আবুল কাশেম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেইজ্জার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে আবুল কাশেম বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে বের হন। পথিমধ্যে আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বজ্রপাতে আহত অবস্থায় আবুল কাশেম নামে এক বৃদ্ধকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।