লামা প্রতিনিধি
বান্দরবানের লামায় হাত-পা বাঁধা অবস্থায় মো. ছগির (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হাতিরঝিরি এলাকায় জুমে কাজ করতে গিয়ে স্থানীয় জুমিয়ারা মরদেহটি দেখতে পান। পরে তারা স্থানীয়দের বিষয়টি জানালে লামা থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মো. ছগির রূপসীপাড়া ইউনিয়নের পূর্ব শিলেরতুয়া ছামাইছড়ি এলাকার নুর হোসেনের ছেলে।
রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে নিহতের স্বজনরা মরদেহটি ছগিরের বলে শনাক্ত করেন। পুলিশ বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।
ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত করছে।
