এইচ এম জালাল উদ্দীন কাউছার, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে প্রায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের বন কর্মকর্তারা। এ সময় বনভূমিতে নির্মিত সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উখিয়া রেঞ্জের বিভিন্ন বিটের বিট কর্মকর্তা ও বন বিভাগের স্টাফদের পাশাপাশি ইআরটি দলের সদস্যরা অংশ নেন।
বন বিভাগ সূত্রে জানা গেছে, অভিযানের সময় বনভূমি দখল করে নির্মাণ করা সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।
বন বিভাগের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, কথিত হেডম্যান ইব্রাহীম ও তাঁর ভাই ওমর ফারুক বনভূমি অবৈধভাবে জবরদখলের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বন বিভাগ।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, সরকারি বনভূমি জবরদখল করে স্থাপনা নির্মাণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী বনভূমি দখলের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
