চকরিয়া-পেকুয়া প্রতিনিধি:

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ নারীসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ৭৬০ রাউন্ড গুলি, ৩টি দেশীয় রাইফেল-শর্টগান এবং অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করা হয়।

রোববার (১৩সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে মাতামুহুরি থানার বদরখালী ইউনিয়নের পশ্চিম হুন্যাপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ। দুর্গম এলাকা হওয়ায় প্রায় দুই কিলোমিটার পথ পায়ে হেঁটে ঘটনাস্থলে পৌঁছান পুলিশের সদস্যরা।

সোমবার(১৪সেপ্টম্বর)দুপুরে এক প্রেস কনফারেন্সের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ।

অভিযানে কুখ্যাত শুটার রাজিব, নামি ডাকাত, জসু ডাকাত, শুটার সাগর ও জহুরা বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে একটি দুইনালা রাইফেল, একটি একনালা রাইফেল, একটি শর্টগান, ৭৭ রাউন্ড গুলি ও কার্তুজসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে হলকাটাপাড়ায় দ্বিতীয় দফায় অভিযান চালায় পুলিশ। এ সময় শহর বানু নামে আরও এক নারীকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ির পেছনের পুকুর থেকে উদ্ধার করা হয় আরও ৬৮৫ রাউন্ড রাইফেলের গুলি।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র তৈরি ও কেনাবেচার পাশাপাশি বিভিন্ন ডাকাত দলের কাছে অস্ত্র ভাড়া দিয়ে আসছিল। এসব অস্ত্র ব্যবহার করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ডাকাতি পরিচালনার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল আজিজ জানান, কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালনা করা হয়েছে। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।