পেকুয়া প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের দরগাহ মুড়া এলাকায় দীর্ঘ প্রায় ৫০ বছর পর একটি চিতাবাঘ দেখা গেছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় জনবসতিপূর্ণ এলাকায় চিতাবাঘটি দেখা যাওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়।

স্থানীয় বাসিন্দা হাবিব জানান, খাবারের সন্ধানে পাহাড়ি বনাঞ্চল থেকে চিতাবাঘটি দরগাহ মোড়া কবরস্থানের পাশের লোকালয়ে চলে আসে। এ সময় কয়েকজন বাসিন্দা বাঘটিকে দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মানুষের উপস্থিতি ও হৈচৈ টের পেয়ে চিতাবাঘটি দ্রুত পাশের পাহাড়ি বনের দিকে চলে যায়।

এরপর থেকেই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়দের দাবি, টৈটং এলাকায় দীর্ঘ প্রায় অর্ধশতাব্দী পর চিতাবাঘের উপস্থিতির খবর পাওয়া গেল। তবে এ বিষয়ে বন বিভাগের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থানীয়দের সতর্কতামূলক নির্দেশনা প্রদান করুন।