সিবিএন ডেস্ক:
দেশের পর্যটন খাতে গত ২০ বছরে উল্লেখযোগ্য কোনো কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পর্যটন খাতকে পুনরুজ্জীবিত ও আরও এগিয়ে নিতে সরকার একটি মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) সেন্টারে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শিগগিরই কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করে দেশের জিডিপিতে এ খাতের অবদান ৮ শতাংশে উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর ওপরও গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) জোরদারের তাগিদ দেন। তাঁর মতে, সরকারি ও বেসরকারি খাত সমন্বিতভাবে কাজ করলে দেশের পর্যটন শিল্পকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে।
এদিকে, ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ারে বাংলাদেশসহ বিভিন্ন দেশের দুই শতাধিক পর্যটন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় প্রায় ৩০০টি স্টল ও প্যাভিলিয়ন রয়েছে।
মেলায় দেশি-বিদেশি বিভিন্ন আকর্ষণীয় পর্যটন গন্তব্যের প্রদর্শনীর পাশাপাশি ট্যুর অপারেটরদের মধ্যে ব্যবসায়িক যোগাযোগের জন্য বিটুবি (বিজনেস-টু-বিজনেস) সেশন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
