আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সীমান্ত নজরদারি ও নিরাপত্তা কার্যক্রম জোরদারে নতুন দুটি টহল পরিচালনা ঘাঁটি (টিওবি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নবনির্মিত ‘আরচ্ছতলা টিলা’ ও ‘হাতুরানী টিলা’ টিওবি উদ্বোধন করা হয়। কক্সবাজার রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন এ দুটি টিওবি উদ্বোধন করেন।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে নজরদারি বৃদ্ধি, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় আভিযানিক কার্যক্রম পরিচালনার সুবিধার্থে ঘুমধুম ইউনিয়নের সীমান্তসংলগ্ন এলাকায় নতুন টিওবি দুটি স্থাপন করা হয়েছে। রিজিয়ন সদর দপ্তর, কক্সবাজার ও সেক্টর সদর দপ্তর, রামুর দিকনির্দেশনায় ৩৪ বিজিবি টিওবি দুটির নির্মাণকাজ সম্পন্ন করে।

উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার টিওবি দুটির দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. আনোয়ার-উল-আলম, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলমসহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানিয়েছে, ওই এলাকায় বিদ্যমান বিওপিগুলো সীমান্ত থেকে তুলনামূলক দূরে হওয়ায় সীমান্ত নজরদারি, চোরাচালান প্রতিরোধ ও অন্যান্য আভিযানিক কার্যক্রম পরিচালনায় কিছুটা চ্যালেঞ্জ ছিল। সীমান্তের কাছাকাছি নতুন টিওবি স্থাপনের ফলে এসব কার্যক্রম পরিচালনায় সুবিধা হবে বলে আশা করছে বিজিবি।

নতুন টিওবি দুটির মাধ্যমে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো এবং সীমান্ত নিরাপত্তা কার্যক্রম জোরদার করা সম্ভব হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।