টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অপহরণের চার দিন পর ছামিউল্লাহ (১৯) নামের এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ ঘটনায় মোহাম্মদ ফয়সল (১৮) নামের এক তরুণকে আটক করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ছামিউল্লাহকে উদ্ধার ও ফয়সলকে আটক করা হয়। বিষয়টি সোমবার রাতে নিশ্চিত করেন ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার।
এপিবিএন সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর ভোরে নিজ বাসা থেকে টেকনাফের উদ্দেশে বের হওয়ার পর নিখোঁজ হন ছামিউল্লাহ। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে অপহরণের অভিযোগ করেন।
এরপর নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল তাঁকে উদ্ধারে অভিযান শুরু করে। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সি ব্লক পাহাড়সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহৃত ছামিউল্লাহকে উদ্ধার এবং ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ ফয়সলকে আটক করা হয়। ফয়সল নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।
এ বিষয়ে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার জানান, এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
