আজিজুর রহমান রাজু, ঈদগাঁও:
ডেঙ্গুর বিস্তার ঠেকাতে কক্সবাজারের ঈদগাঁওয়ে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। সরকারি কর্মসূচির অংশ হিসেবে উপজেলা অস্থায়ী কার্যালয় ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগ আয়োজিত এ কর্মসূচিতে যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের সদস্যরা অংশ নেন।
অভিযানে উপজেলা অস্থায়ী কার্যালয় ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে প্রচারণা চালানো হয়। বাড়িঘর, কর্মস্থল ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা এবং দীর্ঘ সময় পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
কর্মসূচিতে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা উপস্থিত থেকে কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা দিদারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা আসিফ মাহমুদ এবং জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিম লিডার সাংবাদিক আজিজুর রহমান রাজুর নেতৃত্বে উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্যরা পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাই পারে এডিস মশার বিস্তার রোধ করতে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধে ঈদগাঁওতে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
