সরকার নির্ধারিত কিলোমিটারপ্রতি ১৭ পয়সার চেয়ে এক পয়সাও বেশি বাসভাড়া আদায় করা হলে সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে। এরপর সংশ্লিষ্ট পরিবহনকে আর কোনো রুট পারমিট দেওয়া হবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর যৌক্তিকতা তুলে ধরে সড়ক মন্ত্রী বলেন, আন্তর্জাতিক ও জাতীয় নীতিমালা অনুযায়ী জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ১ টাকা বাড়লে বাসভাড়া কিলোমিটারপ্রতি ১ পয়সা বাড়ে। সে হিসাবে ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ায় কিলোমিটারপ্রতি ২০ পয়সা ভাড়া বাড়ানো যৌক্তিক ছিল। তবে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এর চেয়ে কম, কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, ১৭ পয়সার চেয়ে এক পয়সাও অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ নির্দেশনা বাস্তবায়নে কঠোরভাবে মনিটরিং করা হবে।

রেল ও নৌপথের ভাড়া বাড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রেন ও লঞ্চের ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।

রেলভাড়া প্রসঙ্গে নিজের প্রত্যাশা জানিয়ে সড়ক ও সেতুমন্ত্রী বলেন, সাধারণ মানুষের কথা বিবেচনায় নিয়ে ট্রেনের ভাড়া যেন কোনোভাবেই না বাড়ে, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

এর আগে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের এক বৈঠক শেষে বাসভাড়া পুনর্নির্ধারণের তথ্য জানান জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি জানান, পুনর্নির্ধারিত হার অনুযায়ী দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাস ও মিনিবাসের কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ২ টাকা ৭০ পয়সা।