নাছির উদ্দিন সোহেল, সিবিএন

মহেশখালীতে পুলিশের বিশেষ চেকপোস্টে একটি সিএনজি সিএনজি তল্লাশি করে দেশীয় তৈরি একটি অস্ত্র উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে ছোট মহেশখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের অফিসপাড়া এলাকার ফরেস্ট অফিসের সামনে সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারের পুলিশ সুপারের নির্দেশনায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল অফিসপাড়া এলাকায় বিশেষ চেকপোস্টে দায়িত্ব পালন করছিল। এ সময় মহেশখালী থেকে বদরখালীগামী একটি সবুজ রঙের সিএনজি’কে থামার সংকেত দেওয়া হয়।

পুলিশের ভাষ্য, চেকপোস্টে থামার পর সিএনজি চালক পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের নিচে থাকা একটি শপিং ব্যাগের ভেতর থেকে দেশীয় তৈরি একটি এলজি অস্ত্র উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক মো: মিশাল ছোট মহেশখালী ইউনিয়নের দক্ষিণ নলবিলা এলাকার মো. মোস্তাক ও সামছুন্নাহারের ছেলে বলে জানা যায়।

পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্রটি সন্ধ্যা ৬টা ১০ মিনিটে জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তবে উদ্ধার হওয়া অস্ত্রটি কার উদ্দেশ্যে বা কী কাজে বহন করা হচ্ছিল, সে বিষয়ে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।