বিশেষ প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণের অভিযোগে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর ধারায় তাকে ১৪ বছর কারাদণ্ডাদেশ ঘোষণা করা হয়। এছাড়া ৩৫ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। অনাদায়ে আরও তিনমাস সশ্রম কারাদণ্ডাদেশ দেনে আদালত।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারী ও শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক বিচারক রবিউল আলম এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সলিমুল মোস্তফা।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত সুমন বৈষ্ণব (৩৫) কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তরছঘাটার তুলসী বৈষ্ণবের ছেলে।

মামলায় প্রাথমিক অভিযুক্ত অপর তিন সহযোগী বিজয় দাশ, কৃষ্ণ পদ দাশ ও পিঠন বৈষ্ণবকে চার্জশিট থেকেই মুক্ত করে দেওয়া হয়েছিল। তবে আদালত তাদের বিষয়ে কোনো নির্দেশনা দেননি।

পিপি সলিমুল মোস্তফা মামলার এজাহারের বরাতে বলেন, ২০১৭ সালের ২৬ জুলাই বিকেল ৩টার দিকে চকরিয়া কোরক বিদ্যাপীঠের উত্তর পাশের সড়ক দিয়ে ভাই ও মায়ের সঙ্গে বাড়ি ফিরছিল ওই শিক্ষার্থী। এ সময় সুমন বৈষ্ণব অস্ত্রের মুখে তাকে অপহরণ করেন। এ কাজে মামলার এজাহারে থাকা অপর তিন আসামি তাকে সহযোগিতা করেন। ভুক্তভোগীর মা বাধা দেওয়ার চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে শিক্ষার্থীকে নিয়ে মহাসড়কে উঠে এস আলম বাস কাউন্টারের পাশে একটি গাড়িতে তুলে নিয়ে যান আসামিরা।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামি সুমন দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়ার পথে ভিকটিমকে উত্ত্যক্ত করে আসছিল। ঘটনার দিন প্রাইভেট শেষ করে ভুক্তভোগী তার ভাই প্রসেনজিৎ চক্রবর্তী এবং বাদিনী পায়ে হেঁটে বাড়ি ফেরার পথেই এ অপহরণের ঘটনা ঘটায়।