মোঃ আরাফাত সানি, টেকনাফ:
উখিয়া উপজেলার চাকমাপাড়া পাতাবাড়ি সংলগ্ন গহীন অরণ্য ও পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর নৈশপ্রহরী নাজির হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ৮ নম্বর আসামি মোহাম্মদ আইয়ুবকে (২৮) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (সিপিসি-১, টেকনাফ ক্যাম্প)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আইয়ুব টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মৃত ইলিয়াস মিয়া ছেলে।
কক্সবাজার স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি) এর সহকারী পুলিশ সুপার পরিচালক (ল’ এন্ড মিডিয়ার) আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত।
মামলার এজাহার সূত্রে জানায়, আসামিরা দীর্ঘদিন ধরে নিহত নাজির হোসেনের শ্যালক খোরশেদ আলমের কাছে চাঁদা দাবি করে আসছিল। গত ৭ সেপ্টেম্বর তারা এক লাখ টাকা চাঁদা দাবি করে এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। পরে ৯ সেপ্টেম্বর রাতে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ায় জাহাঙ্গীর আলমের কাছে পুনরায় চাঁদা দাবি ও মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদ করতে গেলে আসামিরা কিরিচ, ছোরা, লোহার রড ও ইট দিয়ে হামলা চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে নৈশপ্রহরী নাজির হোসেন বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি মারধর করা হয়। পরে আসামিরা তাকে ছোরা, কিরিচ ও রড দিয়ে আঘাত এবং বুকের ওপর পা দিয়ে চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা করে বলে মামলার অভিযোগে বলা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্যদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
গ্রেফতার মোহাম্মদ আইয়ুবের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫।