চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। তবে ফল প্রকাশের কারিগরি প্রস্তুতি সম্পন্ন করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
বুধবার (২২ জুলাই) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।
অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি শেষ করতে ২৭ বা ২৮ জুলাই পর্যন্ত সময় লাগতে পারে। এরপর সরকারের নির্ধারিত তারিখে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন একাধিক অনুষ্ঠানে ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আশা প্রকাশ করেছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শিক্ষা বোর্ডগুলোকে সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছিল।
তবে নির্ধারিত সময় অনুযায়ী ২০ জুলাই ফল প্রকাশ করা হয়নি। এখন কারিগরি প্রস্তুতি শেষ হওয়ার পর সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ফল প্রকাশের নতুন তারিখ নির্ধারণ করা হবে।
