সংবাদদাতা:
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা ইস্যু ও অগ্রাধিকার বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
২০ জানুয়ারি দুপুরে সফরকালে তিনি ক্যাম্পে চলমান একটি রোহিঙ্গা ফুটবল টুর্নামেন্টের ম্যাচ উপভোগ করেন।
ক্যাম্পের যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, সামাজিক সংহতি জোরদার এবং সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মিথস্ক্রিয়া বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ম্যাচ শেষে সমবেত দর্শকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে ড. খলিলুর রহমান রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন।
ড. খলিলুর রহমান তরুণদের গঠনমূলক ও ক্রীড়া কার্যক্রমে নিজেদের যুক্ত রাখার আহ্বান জানান।
এ সময় তিনি টেকসই সংলাপ ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে আশাবাদ পুনর্ব্যক্ত করেন।
ড. খলিলুর রহমানের এই পরিদর্শন ও বক্তব্যকে ক্যাম্পের বাসিন্দা ও সংশ্লিষ্ট অংশীদাররা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।
তারা মনে করছেন, এই সফর জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের কল্যাণ, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের অঙ্গীকারের প্রতিফলন।
সফরকালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।