এম.মনছুর আলম,চকরিয়া :
চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে অবৈধভাবে ফসলি জমির টপসয়েল কেটে বিক্রি করার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় মাটিভর্তি একটি ডাম্পার (মিনি পিকআপ) গাড়ি জব্দ করা হয়েছে। পরে মাটি কাটার সাথে জড়িত থাকার অপরাধে সংশ্লিষ্ট মাটি ব্যবস্থাপনা আইনে দুই ব্যক্তিকে ২লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
বুধবার (১৪জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী ও মঙ্গলবার রাতে পশ্চিম বড় ভেওলার দরবেশকাটা এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব এ অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র কৃষি জমির উর্বর টপসয়েল কেটে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। কৃষি জমি থেকে মাটি বিক্রি করার এধরণের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় রাস্তা থেকে মাটিভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। বুধবার বিকেল ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় কৃষি জমির মাটি কেটে বিক্রি করার দায়ে রবিউল হাসান নামে এক ব্যক্তি ও পশ্চিম বড় ভেওলার নাজিম উদ্দীন নামে অপর আরেক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রতিজনকে ১লক্ষ টাকা করে মোট ২লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।
অভিযানের সময় পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব বলেন–কৃষি জমির টপসয়েল কেটে নিলে জমির উর্বরতা নষ্ট হয়। যা সরাসরি কৃষি উৎপাদন ও পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলে। কৃষি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, জনস্বার্থে ও কৃষি জমি সুরক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোন ধরনের ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।
