অনলাইন ডেস্ক:
দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও সহিংসতার প্রতিবাদে আগামী ২১ নভেম্বর ঢাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে গোলাম পরওয়ার অভিযোগ করেন, গণভোটের রায় অগ্রাহ্য করে একদলীয় শাসন প্রতিষ্ঠার প্রচেষ্টায় দেশে রাজনৈতিক বিভেদ তৈরি হয়েছে। ৭০ শতাংশ মানুষের রায় উপেক্ষা করায় ফ্যাসিবাদবিরোধী জনগণ সরকারের প্রতি আস্থা রাখতে পারছে না।
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পুলিশের ওপর হামলার ঘটনা ঘটলেও স্বরাষ্ট্রমন্ত্রী পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
গোপালগঞ্জ ও মাদারীপুরের সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে গোলাম পরওয়ার বলেন, দেশের এসব অঞ্চলে সরকারের কার্যকর উপস্থিতি অনুভূত হচ্ছে না।
এ সময় পার্শ্ববর্তী একটি দেশের বিরুদ্ধে পলাতক আসামিকে আশ্রয় দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, তাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে সামরিক বিমান পাঠানোর শর্তের কথাও বলা হচ্ছে। এসব ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
গোলাম পরওয়ার আরও বলেন, সহিংসতা ও ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। এ লক্ষ্যে দেশের সব রাজনৈতিক দলকে মাঠে কর্মসূচি ঘোষণার আহ্বান জানান তিনি।
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে রাষ্ট্রপতিকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির ভূমিকা জরুরি।
প্রশাসনসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে রয়েছে অভিযোগ করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান জামায়াতের এই নেতা।
তিনি বলেন, বাংলাদেশের মাটিতে আর কখনো ফ্যাসিবাদের ঠাঁই হবে না।
