সিবিএন ডেস্ক:

দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা মোকাবিলায় ডিসেম্বরে ধারাবাহিক রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে বিএনপি।

তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়া কিংবা দলটির কর্মকাণ্ড ঠেকাতে পাড়া-মহল্লায় পাহারার ব্যবস্থা না করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

গতকাল জাতীয় সংসদ ভবনে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতা এবং ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের প্রায় দুই ঘণ্টার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

দলীয় সূত্র জানায়, বৈঠকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোকে পৃথক কর্মসূচি প্রণয়নের নির্দেশনা দেন তারেক রহমান। এসব কর্মসূচিতে বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও সম্পৃক্ত করা হবে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতিবাদী পদযাত্রা, মিছিল, বিক্ষোভ সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বৈঠকে অংশ নেওয়া বিএনপির এক নেতা জানান, আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়া কিংবা সেগুলো ঠেকানো বিএনপির লক্ষ্য নয়। বরং রাজনৈতিকভাবে রাজপথে সক্রিয় থেকে কেউ যাতে দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই কর্মসূচি সাজানো হচ্ছে।

দলীয় সূত্র আরও জানায়, আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির কর্মসূচি বাধাগ্রস্ত করতে পাড়া-মহল্লায় পাহারার যে ব্যবস্থা করা হতো, বিএনপি একই ধরনের কোনো উদ্যোগ নেবে না।

ডিসেম্বর মাসে জাতীয় ও দলীয় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে কর্মসূচি পালনের পরিকল্পনা করছে বিএনপি। এর মধ্যে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরার এক বছর পূর্তি এবং ৩০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উল্লেখযোগ্য।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির শীর্ষ নেতারাও অংশ নেন।

ডিসেম্বরের এসব কর্মসূচির মধ্য দিয়ে রাজপথে রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা বাড়াতে চায় বিএনপি।