প্রেস বিজ্ঞপ্তি :
কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারীদের সাথে যৌথবাহিনীর অভিযানে গুলিবিদ্ধ সেনাবাহিনীর সদস্য মো: তিতাস শেখের (২৮) মৃত্যুতে গভীর শোক, সমবেদনা ও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী। এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্ত উপজেলা টেকনাফ মাদক ও মানব পাচারের হট স্পটে পরিণত হয়েছে। মানবতাবিরোধী এসকল কর্মকাণ্ডে স্থানীয় ইয়াবা সিন্ডিকেট ও রোহিঙ্গাসহ কিছু অসাধু লোকজন জড়িত। যার কারণে টেকনাফে আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক সংকটের সৃষ্টি হয়। স্থানীয় অধিবাসীরা নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করে আসছে।
প্রায় সময় মানব পাচার সংক্রান্ত সংবাদ জাতীয়, আন্তর্জাতিক ও স্থানীয় মিডিয়ায় প্রকাশিত হয়। কিন্তু অজানা কারণে এসকল অপরাধীরা পার পেয়ে যায়। ৫ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার গোপনসূত্রে সংবাদ পেয়ে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ বাহিনী টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার গহীন পাহাড়ে অভিযান চলাকালে গোলাগুলিতে সেনা সদস্য মো: তিতাস শেখ আহত হন। উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে প্রেরণ করলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু বরণ করেন। আমি দেশ মাতৃকার সেবায় কর্তব্যরত অবস্থায় সেনা সদস্যের ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা এবং ধৈর্য ধারণ করার জন্য মহান আল্লাহর কাছে তাওফীক কামনা করছি।স্থানীয় ইয়াবা সিন্ডিকেটের হাতে ২জন খুন হওয়ার একদিন পরেই একজন সেনা সদস্যের মৃত্যু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি অবিলম্বে মানব পাচার,মাদক, অপহরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সকল অপরাধী ও গডফাদারদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।