রামু প্রতিনিধি
কক্সবাজারের রামুতে প্রথম স্ত্রীকে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন এবং দ্বিতীয় বিয়ে করার অভিযোগে বেলাল হোছন (৩৫) নামে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ৫ নভেম্বর রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত বেলাল হোছন উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের পশ্চিম মনিয়ারঝিল দরগাহপাড়া এলাকার জাফর আলমের ছেলে। বুধবার রামু থানা পুলিশের সহায়তায় তাঁকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে মার্মা সম্প্রদায়ের এক তরুণী ইসলাম ধর্ম গ্রহণ করে বেলাল হোছনকে বিয়ে করেন। তাঁদের সংসারে দুই সন্তান রয়েছে। বিয়ের কয়েক বছর পর থেকেই বেলাল মাদকাসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ। এরপর যৌতুকের দাবিতে স্ত্রীকে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তিনি।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে বেলাল পার্শ্ববর্তী এলাকার দুই সন্তানের জননী রেশমী আক্তারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তাঁকে বিয়ে করেন। এরপর প্রথম স্ত্রী ফাতেমা ও তাঁদের সন্তানদের ভরণপোষণ বন্ধ করে দেন। তাঁদের কোনো খোঁজখবরও রাখতেন না তিনি।
স্থানীয়দের অভিযোগ, বেলাল মাঝেমধ্যে বাড়িতে এসে মাদক কেনার জন্য প্রথম স্ত্রীর কাছে টাকা চাইতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে নির্যাতন করা হতো। এমনকি বাড়িঘর ভাঙচুর করে ঘরের মূল্যবান জিনিসপত্র বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
পরিবারের সদস্যরা বাধা দিতে গেলে তাঁদের গালিগালাজ করতেন বেলাল। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার সালিশের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও কোনো পরিবর্তন হয়নি বলে জানান এলাকাবাসী।
বেলালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় উপজেলা প্রশাসন ও রামু থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিবারের সদস্য ও এলাকাবাসী।