নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার সদরের খরুলিয়ায় মাহমুদুল হক নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে খরুলিয়া গ্যাস পাম্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় লিংকরোডের লিয়াকত আলীর নির্দেশে হামলা চালানোর অভিযোগ তুলেছেন আহতের স্বজনেরা।

আহত মাহমুদুল হক লিংকরোড দক্ষিণ মুহুরীপাড়ার মৃত আশরাফুজ্জামানের ছেলে।

আহত ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী, ব্যবসায়িক কাজে শুক্রবার দুপুর ১২টার দিকে তিনি রামুর উদ্দেশে রওনা হন। খরুলিয়া গ্যাস পাম্প এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা তিনটি মোটরসাইকেলে ৫-৬ জন দুর্বৃত্ত তাঁর গাড়ির গতিরোধ করে। এ সময় তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে হামলাকারীরা। একপর্যায়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

ঘটনাস্থলে আবু নাসের নামে এক হামলাকারীকে স্থানীয় জনতা আটক করলেও ঝিলংজা ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ নামে এক ব্যক্তি তাঁকে ছাড়িয়ে নেন বলে অভিযোগ উঠেছে।

তবে এ বিষয়ে রাশেদের বক্তব্য পাওয়া যায়নি।

আহত মাহমুদুল হকের বোন ও ভাইয়ের ছেলে মনিরের অভিযোগ, লিংকরোডের লিয়াকত আলীর নির্দেশে এ হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, হামলায় জড়িত ৬ জনের মধ্যে ৪ জনকে শনাক্ত করেছেন মাহমুদুল হক। তাঁরা হলেন—জায়েদ, ওয়াদেদ আলী, কিতাব আলী ও আবু নাসের।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ঘটনার পর পুলিশের একটি দল কাজ করছে। হামলায় জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।