শাহেদ মিজান, সিবিএন
কক্সবাজারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে নানাভাবে অপচেষ্টা করছে। গত কয়েকদিন ধরে ঝটিকা মিছিল, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে তারা। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক এসব ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।

সর্বশেষ বুধবার (১১ নভেম্বর) টেকনাফে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলায় টেকনাফ মডেল থানার এক উপপরিদর্শক (এসআই) জাফর গুরুতর আহত হয়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতে কক্সবাজার শহরসহ জেলার অন্তত সাতটি স্থানে ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের কলাতলী, নিউ মার্কেট, কক্সবাজার মেডিকেল কলেজের ফটক, লিংকরোড, ঝিলংজার খরুলিয়া দরগাহ ফটক, রামু সরকারি কলেজের ফটক এবং ঈদগাঁওয়ের মাইজপাড়া স্কুল ফটক এলাকায় এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে টেকনাফের একটি সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দেওয়ার খবর পাওয়া যায়।
এসব ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান সাংবাদিকদের জানান, এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে।
এদিকে চকরিয়া উপজেলা পরিষদের প্রধান ফটকে তালা লাগিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুই যুবককে এ কাজ করতে দেখা যায়। পরে প্রশাসনের উদ্যোগে তালা ও ব্যানার অপসারণ করা হয়।

টেকনাফে সর্বশেষ সংঘর্ষের ঘটনায় পুলিশ ও বিজিবি সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একাধিক স্থানে বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় জেলার জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগসহ তাদের অন্যান্য ভাতৃপ্রতীম সংগঠনের নাশকতা ঠেকাতে বিএনপি, যুবদল, ছাত্রদল, এনসিপি ও তাদের অন্যান্য সংগঠন মিছিল-সমাবেশ ও শোডাউন করেছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন স্থানে নাশকতা প্রতিরোধী নানা কর্মসূচী পালন করেছে। সর্বশেষ ১০ নভেম্বর গভীর রাতে এনসিপি ও বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীরা কক্সবাজার শহরে যৌথ শোডাউন করেছে। মোটরসাইকেল যোগে তারা পুরো শহর শোডাউন করেন। এসময় তাদের বলতে শোনা যায়, ‘লীগের খোঁজ চলছে’!

এ ব্যাপারে কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের লোকজন দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। ডিসেম্বরে তাদের আপা শেখ হাসিনা দেশে আসার মিথ্যা আশ্বাসে তারা পাগল হয়ে উচ্ছৃঙ্খল আচরণ করছে। গভীর নামসর্বস্ব মিছিল করছে। ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা আমরা কঠোরভাবে দমন করবো। তাদের কখনো মাঠে নামতে দেবো না।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি জেলা সদস্য সচিব ওমর ফারুক বলেন, ‘জুলাইযোদ্ধা ও জুলাই সারথীরা বেঁচে থাকতে শেখ হাসিনা দেশে ঢুকতে পারবে না। নাশকতা সৃষ্টির অপচেষ্টাকারীদের আমরা কঠোরভাবে দমন করবো। মানুষেন জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে লীগ ঠেকাতে আমরা মাঠে আছি।’

নাশকতা ঠেকানো প্রসঙ্গে কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান বলেন, ‘কিছু দুষ্কৃতকারী রাতের আঁধারে বিচ্ছিন্নভাবে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। এ ব্যাপারে সজাগ রয়েছে। ইতোমধ্যে অভিযান চালিয়ে বেশ কয়েকজন দুষ্কৃতকারীকে গ্রেফতার করা হয়েছে। অভিযান জোরদার রয়েছে। কোনো নাশকতা সৃষ্টিকারীকে ছাড় দেয়া হবে না। সবাইকে আইনের আওতায় আনা হবে।’