মো. আরাফাত সানি, টেকনাফ:
টেকনাফে আবারও বড় ধরনের মাদকের চালান আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। অভিযানে ১১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫টি দেশীয় তৈরি রামদা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার আঠারো ঘরপাড়া এলাকায় সীমান্ত সংলগ্ন ধানক্ষেতে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-১৫ এর অধিনায়কের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- হ্নীলা ইউনিয়নের নাইক্ষ্যংখালী এলাকার মোঃ আবছার উদ্দীন (১৯) ও মৌলভীবাজার এলাকার মোঃ আদিল (২৬)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫ জানতে পারে, কতিপয় মাদক কারবারি সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় ব্যবসায়ীদের কাছে সরবরাহের জন্য মৌলভীবাজার এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ক্যাম্পের সিপিসি-১ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেফতার করে।
এ বিষয়ে এসআরবি-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ মাহমুদুর রহমান বলেন, “পার্শ্ববর্তী দেশ থেকে সংঘবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবার বড় চালান দেশে প্রবেশ করছে। যা আমাদের যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যে পর্যায়েরই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও জানান, গত ৬ অক্টোবর থেকে আজ পর্যন্ত এসআরবি-১৫ এর ৫৫টি অভিযানে প্রায় ১৬ লাখ ৪০ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৪৮ কেজি গাঁজা, ৩টি আগ্নেয়াস্ত্র, ১৭ রাউন্ড গুলি ও ২৭ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া ৭ জন অপহৃত ভিকটিমকে উদ্ধারসহ মোট ৮৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এসআরবি-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।
