নিজস্ব প্রতিবেদক:
পেশাগত দায়িত্ব পালনকালে কক্সবাজার আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন দৈনিক পূর্বকোণের প্রতিনিধি এরফান হোসাইন। শারীরিকভাবে হেনস্থার পাশাপাশি ছিনিয়ে নেওয়া হয়েছে ব্যবহারের মোবাইল।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলের এই ঘটনার সঙ্গে ছাত্রদলের এক নেতা সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন আহত সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা।

তাদের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গেলে হামলার শিকার হন সাংবাদিক এরফান।

তিনি দৈনিক পূর্বকোণের পাশাপাশি জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকায় কাজ করেন।

পেশাদার সংবাদিকদের সংগঠন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত।

সাংবাদিক এরফান হোছাইন জানান, গত ১০ নভেম্বর ভোরের দর্পণে প্রকাশিত “কোটি টাকার বাঁধ কেটে মৎস্য প্রজেক্ট” শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদনকে কেন্দ্র করে সকাল থেকে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন রহিম উল্লাহ নামক একজন ছাত্রদল নেতা। পরে খোঁজ নিয়ে জানা যায়, সংবাদে অভিযুক্ত হিরোর ভাই এই রহিম উল্লাহ। এ কারণে তিনি ক্ষুব্ধ হন। আদালত প্রাঙ্গণে দেখা পেয়ে হামলা করেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা রহিম উল্লাহর বক্তব্য পাওয়া যায়নি।

সাংবাদিক এরফান হোছাইনের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

এই ঘটনায় জড়িত ব্যক্তির বিস্তারিত অনুসন্ধানপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।