মাহবুব আলম মিনার:

উখিয়ার ইনানীতে নলকূপ খননের সময় নির্গত গ্যাসের আগুন ও পানির অনিয়ন্ত্রিত প্রবাহের ঘটনায় নতুন তথ্য জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)-এর বিশেষজ্ঞরা। টানা ১৫ দিন পর্যবেক্ষণের পর তাঁদের ধারণা, এটি সাময়িক কোনো গ্যাসের পকেট নয়; বরং ঘটনাস্থলের ভূগর্ভে রয়েছে বড় ধরনের গ্যাসের রিজার্ভার বা আধার।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দল।
প্রতিনিধি দলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) হাওলাদার রফিকুল ইসলাম জানান, টানা ১৫ দিন পর্যবেক্ষণের মূল উদ্দেশ্য ছিল নির্গত গ্যাসের স্থায়িত্ব, প্রবাহের গতি ও ধারণক্ষমতা সম্পর্কে ধারণা পাওয়া।
তিনি বলেন, একই গতি ও চাপে গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় এই মুহূর্তে গ্যাস অনিয়ন্ত্রিতভাবে জ্বলতে দেওয়া ঝুঁকিপূর্ণ। তাই প্রথম অগ্রাধিকার হিসেবে জরুরি ভিত্তিতে কূপটি নিরাপদে বন্ধ ও গ্যাসের প্রবাহ নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কূপটি সফলভাবে নিয়ন্ত্রণে আনার পর ভূতাত্ত্বিক জরিপ এবং গ্যাসের বাণিজ্যিক সম্ভাবনা যাচাইসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় একটি পরিত্যক্ত নলকূপের গর্ত থেকে গ্যাস নির্গত হতে শুরু করে। পরে সেখানে গ্যাসে আগুন জ্বলে ওঠে এবং পানির অনিয়ন্ত্রিত প্রবাহ অব্যাহত থাকে। ঘটনার পর থেকে বিশেষজ্ঞ দল গ্যাসের প্রবাহ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে আসছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। কূপটি দ্রুত নিরাপদে নিয়ন্ত্রণে এনে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি এখন গুরুত্ব পাচ্ছে।