কক্সবাজার থেকে বিমানে করে ঢাকায় ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন– গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জর্জ ও গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের গতিবিধির ওপর নজর রাখা হয়।
কক্সবাজারে তারা কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করতে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে এলাকাভিত্তিক সংশ্লিষ্ট থানায় অনেক মামলা রয়েছে। এর মধ্যে সন্ত্রাসবিরোধী মামলা ও বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত মামলাও রয়েছে।
তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশের অপর একটি সূত্র জানায়, এসব নেতা নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা নিয়ে দেশের বিভিন্ন এলাকায় গোপনে যাতায়াত করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের সফরের উদ্দেশ্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ এবং কোনো ধরনের নাশকতার পরিকল্পনা ছিল কি না– এসব বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এছাড়া তারা কবে গাজীপুর থেকে ঢাকার বিমানবন্দরে গিয়ে বিমানে করে ঢাকা ছেড়েছেন এবং কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্য কী ছিল– এসবও খতিয়ে দেখা হচ্ছে।
