সিবিএন ডেস্ক:
দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর জাতীয় গ্রিডের সঙ্গে সফলভাবে যুক্ত হয়েছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় পাবনার ঈশ্বরদীতে কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশ করল বাংলাদেশ।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে প্রথম দফায় সর্বোচ্চ ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। পরে গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে উৎপাদন কমিয়ে ৩০০ মেগাওয়াটে নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রিডে সফল সংযোগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, এটি পুরো জাতির জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের অর্জন।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদল প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেছে। তাদের ইতিবাচক মূল্যায়ন এবং সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে গ্রিড সিনক্রোনাইজেশন পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই অর্জনে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী।
প্রকল্প পরিচালক ড. মো. কবীর হোসেন জানান, প্রাথমিক পরীক্ষার অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা ও স্থিতিশীলতা পর্যবেক্ষণ করা হবে।
পরবর্তী কারিগরি পরীক্ষার জন্য কেন্দ্রটি সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরিচালনসংক্রান্ত পরীক্ষা চালানো হবে।
প্রকল্প পরিচালক আরও জানান, প্রতিটি ধাপের পরীক্ষার ফলাফল সন্তোষজনক হলে ট্রায়াল অপারেশনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে। অনুমোদন পাওয়ার পর কেন্দ্রটি পরবর্তী পর্যায়ের কার্যক্রম শুরু করবে।
চুক্তি অনুযায়ী, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ১০ মাসের ট্রায়াল অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের উৎপাদন ক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। সব মিলিয়ে কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।
দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ, দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
