৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে স্বাস্থ্য ক্যাডারভুক্ত ৫ হাজার পদে চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিএসসির ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তির তথ্যমতে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেওয়া হবে।

সহকারী সার্জন পদে শিক্ষাগত যোগ্যতা এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে যোগত্যা বিডিএস অথবা সমমানের ডিগ্রি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডিপ্রাপ্তরা পরবর্তী ৭২ ঘণ্টা অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত ফি পরিশোধের সুযোগ পাবেন। একই সঙ্গে প্রার্থীদের একাধিক ফরম পূরণ করতেও নিষেধ করা হয়েছে।

প্রার্থীদের বয়স সংক্রান্ত নির্দেশনার অংশে বলা হয়েছে, ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে! ৩২ বছর হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।

নম্বর বণ্টন ও পরীক্ষার বিষয়

৫১তম বিশেষ বিসিএসে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা হবে ২০০ নম্বরের। আর মৌখিক পরীক্ষা নেওয়া হবে ১০০ নম্বরের। এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষায় মোট ২০০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর বরাদ্দ থাকবে। তবে ভুল উত্তর দিলে প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা যাবে।

লিখিত পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০, বাংলাদেশ বিষয়াবলিতে ২০, আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০, মানসিক দক্ষতায় ১০, গাণিতিক যুক্তিতে ১০, সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক বিষয়ে ১০০ নম্বরের প্রশ্নপত্র থাকবে। বিশেষ বিসিএস হওয়ায় এ লিখিত পরীক্ষা শুধুমাত্র ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে।