ঢাকা প্রতিনিধি: রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
মরিয়ম খাতুনের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ফরেনসিক টিমকে ডাকা হয়েছে।
ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছানোর পর প্রয়োজনীয় আলামত সংগ্রহ ও পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।
মরিয়ম খাতুনের মৃত্যুকে ঘিরে ইতোমধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তবে তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।
