নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকায় গৃহকর্ত্রীকে চেতনানাশক খাইয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও মোবাইল ফোন চুরির ঘটনায় এক কিশোরী গৃহকর্মীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তার গৃহকর্মীর নাম রাফি মনি (১৫)। সে পিএমখালী ইউনিয়নের পশ্চিম ধনখালী এলাকার আব্দুর রহমানের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পূর্ব নতুন বাহারছড়া এলাকার বাসিন্দা আফরিনা আল মাছিন (৩৮)-কে তাঁর বাসার গৃহকর্মী রাফি মনি দুধ ও পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। পরে গৃহকর্ত্রী অসাড় হয়ে পড়লে ১৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টা থেকে ১১টার মধ্যে গৃহকর্মী বাসা থেকে আনুমানিক ১২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার ও দুটি দামি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
ঘটনাটি কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হলে পুলিশের একাধিক দল কক্সবাজারের বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরে সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালিয়ে রাফি মনিকে গ্রেপ্তার করে পুলিশ।
আটকের পর তাঁর কাছ থেকে চুরি যাওয়া এক জোড়া স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের আংটি, দুই জোড়া কানের দুল, একটি স্বর্ণের চেইন, একটি আইফোন ১৬ এবং একটি ওপ্পো রেনো ৮টি (Reno 8T) মডেলের স্মার্টফোন উদ্ধার করে জব্দ করা হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, উদ্ধার করা মালামালসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
