মো. আরাফাত সানি, টেকনাফ:

নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে মো. ইদ্রিস (৫৫) নামের এক জেলে আহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ইদ্রিস টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

জেলে ও স্থানীয় লোকজন জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার পূর্ব দিকে নাফ নদীর মিয়ানমার জলসীমায় কয়েকজন জেলে মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা তাঁদের মাছ ধরা থেকে বিরত থাকতে ধাওয়া করেন বলে জেলেদের দাবি।

পরে জেলেরা সেখান থেকে বাংলাদেশ জলসীমার দিকে ফিরে আসার চেষ্টা করলে তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় একটি গুলি ইদ্রিসের ডান পায়ের হাঁটুর অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে বাড়িতে নেওয়া হয়।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ১ নম্বর সুইচগেট জেলে সমিতির সভাপতি জহিদ বলেন, বিকেলে মিয়ানমার জলসীমায় মাছ ধরার সময় আরাকান আর্মির সদস্যরা জেলেদের ধাওয়া দেন। পরে ফিরে আসার সময় গুলি ছোড়া হলে ইদ্রিসের ডান পায়ে গুলি লাগে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী বলেন, নাফ নদীতে মাছ ধরার সময় আরাকান আর্মির গুলিতে একজন জেলের পায়ে গুলি লাগার বিষয়টি তিনি শুনেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।