সংবাদ বিজ্ঞপ্তি
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর, কক্সবাজার শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্বপ্নসুরের আসর–সিজন ২’-এর চূড়ান্ত পর্ব (গ্র্যান্ড ফাইনাল)। এতে কক্সবাজারের প্রায় ৮৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় সহস্রাধিক শিশুকিশোর অংশ নেয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বিভিন্ন অডিশন পর্ব পেরিয়ে গ্র্যান্ড ফাইনালের জন্য ১৭০ জন প্রতিযোগী মনোনীত হন। গান, আবৃত্তি, কেরাত ও চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুকিশোররা তাদের সৃজনশীলতা, মেধা ও প্রতিভার স্বাক্ষর রাখে।
আয়োজকরা জানান, শিশুকিশোরদের মেধা, সৃজনশীলতা, নৈতিকতা ও সুপ্ত প্রতিভার বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। বিপুলসংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।
আয়োজকরা আরও বলেন, আজকের শিশুকিশোররাই আগামী দিনে দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবে। তাই শৈশব থেকেই তাদের জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আদর্শের সমন্বয়ে গড়ে তোলা প্রয়োজন। সেই লক্ষ্যেই ফুলকুঁড়ি আসর নিয়মিতভাবে শিশুকিশোরদের মেধা ও মনন বিকাশে বিভিন্ন সৃজনশীল ও গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুকিশোররা সত্যবাদী, নৈতিক, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
