জাহেদুল ইসলাম, লোহাগাড়া:
লোহাগাড়ায় পাঁচ ভাইয়ের টিনশেড বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশ পরা ১০-১২ জনের একটি ডাকাত দল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ছয়টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রোসাইঙ্গা ঘোনা হাকিমিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন- ওই এলাকার মো. ইলিয়াসের ছেলে গিয়াস উদ্দিন (৪১) ও তার চার ভাই মহিউদ্দিন (৩৯), জসিম উদ্দিন মোমেন (৩৩), জমির উদ্দিন (২৮) ও কায়সার উদ্দিন (২৬)। তারা পাশাপাশি টিনশেড বসতঘরে বসবাস করেন।
ভুক্তভোগী গিয়াস উদ্দিন বলেন, গত রোববার এনজিও থেকে আমরা ঋণ গ্রহণ করি। আমি ৭০ হাজার টাকা এবং আমার ভাই ১ লাখ টাকা ঋণ নেন। ঘটনার দিন রাত সাড়ে ১১টার দিকে বাড়িতে প্রবেশের সঙ্গে সঙ্গে ডাকাত দল অস্ত্র ঠেকিয়ে মারধর শুরু করে। পরে পরিবারের সদস্যদের জিম্মি করে মোবাইল ফোন, নগদ ৭০ হাজার টাকা ও এক জোড়া স্বর্ণের কানের দুল নিয়ে যায়। চার ভাইয়ের বাড়িতেও একই কায়দায় জিম্মি করে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে। রাত গভীর হলে আমাদের একটি কক্ষে বন্দি করে তারা চলে যায়।
ভুক্তভোগীরা আরো জানান, ডাকাতদের দুজনের হাতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র এবং অন্যদের হাতে চাপাতি ও রামদা ছিল। তারা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছিল। বাড়ির লোকজনকে রশি দিয়ে বেঁধে মারধরের পর অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৪০ থেকে ৫০ মিনিট ধরে ঘরে তল্লাশি চালায় ডাকাতরা। পরে তারা চলে গেলে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয়দের জানান।
এ সময় ডাকাতরা প্রায় এক ভরি দুই আনা ওজনের সোনার কানের দুল, আংটি ও গলার চেইন, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫৭ হাজার টাকা, নগদ ২ লাখ ১৩ হাজার ৪০০ টাকা এবং ছয়টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
লোহাগাড়া চুনতি পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে থানা পুলিশসহ ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লোহাগাড়ায় ৫ বাড়িতে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
