জসিম উদ্দিন টিপু, টেকনাফ :

কক্সবাজারের টেকনাফে সশস্ত্র মাদক ব্যবসায়ীদের হামলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার স্টেশনের রাজা কাশিমের মার্কেটে এ ঘটনা ঘটে। আহত শিক্ষককে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত প্রধান শিক্ষক হলেন হ্নীলা মৌলভীবাজার আলী আকবরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ। তিনি ওই এলাকার প্রয়াত সাবেক স্কুলশিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মাস্টার কলিম উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজা কাশিমের মার্কেটে অবস্থানকালে একদল সশস্ত্র ব্যক্তি প্রধান শিক্ষক আমান উল্লাহর ওপর হামলা চালায়। এ সময় মার্কেটে থাকা লোকজন আতঙ্কিত হয়ে বিভিন্ন দিকে সরে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাঁর স্বজনরা আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান।

প্রধান শিক্ষক আমান উল্লাহ অভিযোগ করেন, গত ৪ সেপ্টেম্বর মৌলভীবাজার সীমান্তে বিজিবি এক লাখ ইয়াবাসহ রুহুল আমিন নামে একজনকে আটক করে। এ ঘটনায় স্থানীয় সচেতন নাগরিক ও শিক্ষক হিসেবে প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে এবং ঘটনাটি অধিকতর তদন্ত করে প্রকৃত গডফাদারদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন।

আমান উল্লাহর দাবি, ওই পোস্টে ক্ষুব্ধ হয়ে স্থানীয় কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ইয়াবা কারবারি তাঁকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালায়। তিনি হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে টেকনাফ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাস্টার মাহমুদুর রহমান ও সাধারণ সম্পাদক মাস্টার জাকারিয়া এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তাঁরা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি করেন।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলায় জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. অনীক চৌধুরী ঘটনাটিকে দুঃখজনক ও ন্যক্কারজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে হামলার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।