বান্দরবানের লামা-চকরিয়া সড়কের ইয়াংছা হিমছড়ি এলাকায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মিনহাজ (৫) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ইয়াংছা হিমছড়ি এলাকায় চকরিয়া থেকে লামাগামী একটি সিএনজি অটোরিকশার ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর সিএনজি চালক আহত মিনহাজকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশুটির অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে স্বজনরা তাকে চট্টগ্রামে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে মিনহাজের মৃত্যু হয়।
নিহত মিনহাজ লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইয়াংছা হিমছড়ি পাড়ার বাসিন্দা জাহেদুল ইসলাম ও হামিদা বেগমের ছেলে।
এদিকে, পাঁচ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যেও এ ঘটনায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
দুর্ঘটনার কারণ ও এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
