সিবিএন ডেস্ক:

দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ ২য় অনূর্ধ্ব-১৪ সাউথ এশিয়া কারাতে কাপ-২০২৬-এ বাংলাদেশের হয়ে সিলভার মেডেল জিতে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে কক্সবাজারের ক্ষুদে কারাতে খেলোয়াড় ফাবলিহা নূর চৌধুরী শামায়লাহ।

গত ১৮ ও ১৯ জুলাই ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার আয়োজন করে দক্ষিণ এশিয়ান কারাতে ফেডারেশন (SAKF) এবং সহযোগিতা করে বাংলাদেশ কারাতে ফেডারেশন (BKF)। প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কাসহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের মোট ৫৬৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

অনূর্ধ্ব-১০ বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফাবলিহা নূর চৌধুরী শামায়লাহ অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও লড়াকু মনোভাবের পরিচয় দিয়ে সিলভার মেডেল অর্জন করেন। তাঁর এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

ফাবলিহা কক্সবাজার জেলার বেতুয়ার কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (CJKS)-এর কারাতে বিভাগের একজন নিয়মিত প্রশিক্ষণার্থী। পড়াশোনার পাশাপাশি তিনি কারাতে, জুডো, গান, নাচ, চিত্রাঙ্কন এবং হামদ-নাতে সমান পারদর্শিতার পরিচয় দিয়ে আসছেন।

সংগীতেও রয়েছে তাঁর উল্লেখযোগ্য সাফল্য। দেশাত্মবোধক গান, লোকসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত ও নজরুলসঙ্গীতে থানা, জেলা ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক পুরস্কার অর্জন করেছেন। পাশাপাশি তিনি বেসরকারি বৃত্তিও লাভ করেছেন।

ফাবলিহার বাবা ন.জ.ম. এজাজ আল হাবিব চৌধুরী একজন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং মা নূর-ই জান্নাত সিলভী একজন এনজিও কর্মকর্তা। তাঁদের স্থায়ী নিবাস কক্সবাজার সদর উপজেলার হাসপাতাল সড়কের হাবিবা মঞ্জিল।

তিনি একটি শিক্ষানুরাগী ও সুশিক্ষিত পরিবারের সন্তান। তাঁর দাদা মরহুম আলহাজ্জ প্রফেসর নুরুল আলম চৌধুরী, দাদী আলহাজ্জ ছালেহা বেগম, নানা অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্জ ফেরদৌস আহমেদ এবং নানী অবসরপ্রাপ্ত শিক্ষিকা আলেয়া বেগম।

ফাবলিহার এই আন্তর্জাতিক অর্জনে পরিবার, শিক্ষক, প্রশিক্ষক, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (CJKS), বাংলাদেশ কারাতে ফেডারেশন এবং শুভানুধ্যায়ীরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তাঁদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও সমুন্নত রেখে দেশ ও জাতির জন্য নতুন নতুন গৌরব বয়ে আনবেন।

ফাবলিহা বলেন, “বাংলাদেশের হয়ে পদক জিততে পেরে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক আসরে দেশের জন্য স্বর্ণপদক জয়ের লক্ষ্য নিয়ে কঠোর পরিশ্রম করে যেতে চাই।”