জসিম উদ্দিন টিপু, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে গত মাস থেকে সহকারী কমিশনার (ভূমি) তথা এসিল্যান্ড পদ শূন্য রয়েছে। এর আগে দায়িত্বে থাকা কর্মকর্তা গত ১০ আগস্ট বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। এছাড়া গত ছয় মাস ধরে কানুনগো পদও শূন্য রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পূর্বের কানুনগো অবসরে যাওয়ার পর থেকে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ এ পদটিও পূরণ হয়নি।

এদিকে উপজেলা ভূমি অফিসের গুরুত্বপূর্ণ দুটি পদ—এসিল্যান্ড ও কানুনগো—শূন্য থাকায় ভূমিসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা গেছে।

উপজেলা সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট টেকনাফের এসিল্যান্ডকে অবমুক্ত করা হয়। ওই দিনই তিনি নতুন কর্মস্থলে যোগ দিতে চলে যান। এরপর থেকে এসিল্যান্ডের অতিরিক্ত দায়িত্ব পালন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। অন্যান্য দাপ্তরিক কাজের পাশাপাশি তিনি এসিল্যান্ডের দায়িত্বও পালন করছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম বিভাগে বর্তমানে ২৭টি উপজেলায় এসিল্যান্ড পদ শূন্য রয়েছে। বর্তমানে বিসিএসের একটি ব্যাচ প্রশিক্ষণে রয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রশিক্ষণার্থীদের এসব শূন্য পদে পদায়ন করা হবে বলে জানা গেছে।

অন্যদিকে, নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, প্রায় অধিকাংশ উপজেলাতেই কানুনগো পদ শূন্য রয়েছে। নতুন করে কানুনগো নিয়োগ না দেওয়া পর্যন্ত অথবা সার্ভেয়ারদের কানুনগো পদে পদোন্নতি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট ভূমি অফিসের সার্ভেয়াররা অতিরিক্ত দায়িত্ব হিসেবে কানুনগোর দায়িত্ব পালন করবেন।

টেকনাফ ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড ও কানুনগো না থাকায় ভূমি প্রশাসনের স্বাভাবিক কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। জমির মালিকানা ও রেকর্ড হালনাগাদ, নামজারি-খারিজ, ভূমি উন্নয়ন কর, খাসজমি ব্যবস্থাপনা, সরকারি জমি রক্ষা, জমি নিয়ে বিরোধের শুনানি ও নিষ্পত্তিসহ ভূমি-সংক্রান্ত বিভিন্ন কাজে এসিল্যান্ড ও কানুনগোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পদ দুটি দীর্ঘদিন শূন্য থাকায় ভোগান্তিতে পড়ছেন সেবা প্রত্যাশীরা।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ভূমি অফিসের নিয়মিত কার্যক্রমের কিছু অংশ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা পরিচালনা করলেও এসিল্যান্ডের সিদ্ধান্ত, শুনানি বা অনুমোদন প্রয়োজন—এমন বিষয়গুলোতে স্বাভাবিকভাবেই নানা ধরনের জট তৈরি হয়েছে।

ভূমি ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কাজ নামজারি। জমি কেনাবেচা, উত্তরাধিকার কিংবা অন্য কোনো বৈধভাবে মালিকানা পরিবর্তনের পর রেকর্ডে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত করতে নামজারি করতে হয়। এ প্রক্রিয়ায় আবেদন যাচাই, মাঠপর্যায়ের প্রতিবেদন, আপত্তি থাকলে শুনানি এবং চূড়ান্ত সিদ্ধান্তের মতো একাধিক ধাপ রয়েছে। নামজারি দীর্ঘায়িত হলে জমির রেকর্ড হালনাগাদে সমস্যা হয়। পরবর্তী সময়ে জমি বিক্রি, ব্যাংকঋণ, বন্ধক কিংবা অন্যান্য প্রশাসনিক কাজে এর প্রভাব পড়তে পারে।

জমির মালিকানা, দখল, সীমানা কিংবা খতিয়ান নিয়ে বিরোধও ভূমি কার্যালয়ে নিয়মিত আসে। এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট নথি যাচাইয়ের পাশাপাশি প্রয়োজন হয় শুনানি ও প্রশাসনিক সিদ্ধান্তের। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় এ ধরনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ছোট একটি ভূমি বিরোধ সময়মতো নিষ্পত্তি না হলে তা দীর্ঘদিন চলতে পারে এবং একপর্যায়ে আদালত পর্যন্ত গড়াতে পারে। এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সময়, অর্থ ও শ্রম—তিনটিই নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।

খাসজমি ও সরকারি সম্পত্তি ব্যবস্থাপনাও ভূমি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব। সরকারি জমি চিহ্নিত করা, রেকর্ড সংরক্ষণ, অবৈধ দখল প্রতিরোধ, দখলমুক্তকরণ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের সঙ্গে মাঠপর্যায়ের ভূমি প্রশাসন সরাসরি যুক্ত। দীর্ঘ সময় দায়িত্বশীল কর্মকর্তা না থাকলে এসব বিষয়ে নিয়মিত তদারকি ও সিদ্ধান্ত গ্রহণে চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে ভূমি উন্নয়ন কর আদায় ও জমির রেকর্ডের বিভিন্ন জটিলতার সঙ্গেও এসিল্যান্ডের কার্যালয়ের কার্যক্রম যুক্ত। জমির খাজনা বা ভূমি উন্নয়ন কর পরিশোধে রেকর্ডগত সমস্যা দেখা দিলে অনেক ক্ষেত্রে তা নিষ্পত্তির জন্য ভূমি অফিসের সহযোগিতা প্রয়োজন হয়। ফলে কর্মকর্তা সংকটের প্রভাব শুধু সেবা প্রত্যাশীদের ওপর নয়, সরকারি রাজস্ব আদায়ের ক্ষেত্রেও পড়তে পারে।

টেকনাফের মতো সীমান্তবর্তী ও দ্রুত পরিবর্তনশীল একটি উপজেলায় ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব আরও বেশি। জমির মালিকানা, দখল, সরকারি সম্পত্তি, খাসজমি ও রেকর্ডের বিষয়গুলোতে প্রশাসনিক নজরদারি দুর্বল হওয়ার সুযোগ নেই। তাই দীর্ঘ সময় এসিল্যান্ড পদ শূন্য থাকা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, ভূমিসেবা সরাসরি মানুষের সম্পদ ও অধিকার-সংক্রান্ত বিষয় হওয়ায় এ পদ দীর্ঘদিন শূন্য রাখা উচিত নয়। দ্রুত সময়ের মধ্যে একজন নিয়মিত সহকারী কমিশনার (ভূমি) ও কানুনগো পদায়নের পাশাপাশি ইতোমধ্যে জমে থাকা আবেদন, শুনানি ও অন্যান্য ভূমি-সংক্রান্ত কাজ দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন। এতে একদিকে যেমন সাধারণ মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে ভূমি প্রশাসনের স্বাভাবিক কার্যক্রম ও সরকারি রাজস্ব আদায়েও গতি ফিরবে।

ভূমি অফিসে এসিল্যান্ড ও কানুনগো পদ শূন্য থাকার বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. অনীক চৌধুরীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, সার্ভেয়ার অতিরিক্ত দায়িত্ব হিসেবে কানুনগোর দায়িত্ব পালন করছেন এবং তিনি নিজেই এসিল্যান্ডের দায়িত্ব দেখছেন।

ইউএনও আরও জানান, ভূমিসেবা কার্যক্রম আরও ত্বরান্বিত করতে শূন্য পদের বিষয়টি বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। আশা করা যাচ্ছে, অতি শিগগিরই নতুন একজন এসিল্যান্ড পদায়ন করা হবে।