এম. এ. আজিজ রাসেল
নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ও প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শিগগিরই শুরু হতে যাচ্ছে। ইতোমধ্যে ১০টি ইভেন্টে খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিশাল এ আয়োজন সফল করতে ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আ. মান্নান। বক্তব্যে তিনি বলেন, যুবসমাজ থেকে নতুন নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে প্রধানমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস চালু করেছেন। ইতোমধ্যে এর প্রথম পর্ব সম্পন্ন হয়েছে। দ্বিতীয় পর্বের জন্য কক্সবাজারে নিবন্ধন কার্যক্রম চলছে। তিনি জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন পর্যায়ের ক্ষুদে খেলোয়াড়দের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান।
জেলা ক্রীড়া সংস্থার তথ্য অনুযায়ী, ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট (কারাতে, উশু, তাইকোয়ানডো ও জুডো), সাঁতার, ভলিবল এবং টেবিল টেনিস—এই ১০টি ইভেন্টে খেলোয়াড়দের নিবন্ধন চলছে।
গত ১ জুলাই থেকে শুরু হওয়া এ নিবন্ধন কার্যক্রম আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন করা যাবে। নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় পর্বে পুরো জেলা থেকে প্রায় ১৬ হাজারের বেশি খেলোয়াড় নিবন্ধন করবে বলে আশা করছে জেলা ক্রীড়া সংস্থা। তাই দ্রুত নিবন্ধন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
জেলা ক্রীড়া অফিসার মো. আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম কবির, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস, ডিএসএর সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, আফসার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, জেলা ছাত্রদলের সভাপতি ফাহিমুর রহমান ফাহিম এবং জেলা তাঁতীদল-আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সদস্য সচিব মোরশেদ আলম।
জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকেরা উপস্থিত ছিলেন।
