মো. আরাফাত সানি, টেকনাফ;
কক্সবাজারের উখিয়ায় ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ টেকনাফের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবি।
সোমবার রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার হেলাল মিয়া (২৫) টেকনাফ থানাধীন কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দল দায়িত্বপূর্ণ এলাকার ‘জসিমের ঘের’ নামক স্থানে অবস্থান নেয়। এ সময় দুই ব্যক্তিকে মিয়ানমার থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল ধাওয়া করে হেলাল মিয়াকে আটক করতে সক্ষম হয়।
পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে থাকা নীল রঙের বায়ুরোধী পলিথিনে ১৫টি প্যাকেটে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেলাল মিয়া স্বীকার করেছেন, মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী ও এর সঙ্গে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
