নাছির উদ্দিন সোহেল, সিবিএন:
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজিরপাড়া এলাকায় চোরের ছুরিকাঘাতে শিল্পী রানী শীল (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮টার দিকে রবীন্দ্রনাথ শীলের বাড়িতে চুরির উদ্দেশ্যে অজ্ঞাত এক ব্যক্তি প্রবেশ করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির নারী সদস্য শিল্পী রানী শীল বিষয়টি টের পেয়ে ওই ব্যক্তিকে আটকানোর চেষ্টা করেন। এ সময় তিনি ‘চোর চোর’ বলে চিৎকার করলে নিজেকে রক্ষা করতে ওই ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্বামী রবীন্দ্রনাথ শীলসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) প্রতুল কুমার শীল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। ঘটনার তদন্ত এবং জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
