ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ওঠার পর তার লিকুদ পার্টির সঙ্গে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা কার্যত নাকচ করে দিয়েছে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট।

সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে, গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। সোমবার (১৬ নভেম্বর) ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে (কেএএন) সূত্রগুলো জানায়, নির্বাচনে হস্তক্ষেপের ওই ঘটনা ছিল ‘অভ্যুত্থানের চেষ্টা’।

এ ঘটনায় দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান ডেভিড জিনি এবং বৈদেশিক গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান রোমান গোফম্যানকে পদ থেকে সরিয়ে দেয়ার দাবি জানিয়েছে তারা।

ইয়াশার পার্টির নেতা আইজেনকোট ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের চেষ্টা করছেন। তার জোটে বিরোধী রাজনীতিক নাফতালি বেনেট, ইয়ার গোলান ও আভিগদর লিবারম্যানের নেতৃত্বাধীন দলগুলোও রয়েছে।

এর আগে গত রোববার চ্যানেল ১২-এর এক প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর নির্বাচনের দিন ইউনাইটেড আরব লিস্ট (রা’আম) দলের কর্মীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চালানোর পেছনে তথ্য সরবরাহ করেছিল নেতানিয়াহুর কার্যালয়।

তদন্তে জানা গেছে, তথ্যের উৎসের বিশ্বাসযোগ্যতা আগে যাচাই করার জন্য একজন গোয়েন্দা কর্মকর্তার সতর্কবার্তা সত্ত্বেও পুলিশ অভিযান চালায়। পরে জানা যায়, তথ্যের ওই উৎস ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক একজন সহযোগী।

চ্যানেল ১২ আরও জানায়, নির্বাচনের দিন বিদেশি হস্তক্ষেপের সন্দেহের কথা উল্লেখ করে পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিলেন ডেভিড জিনি। তবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ-মিয়ারা সেই আবেদন নাকচ করে দেন।

কানের প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে নেসেটে শপথ গ্রহণ অনুষ্ঠানের সময় আরব দলগুলোর বিরুদ্ধে নেতানিয়াহুর আক্রমণাত্মক বক্তব্যের কারণেও ঐক্য সরকার গঠনের সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছিল।

এছাড়া ইরান নিয়ে আলোচনার জন্য গোফম্যানের যুক্তরাষ্ট্র সফর নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ওই সফরের বিষয়ে আইজেনকোটকে কিছু জানানো হয়নি। অথচ সফরের কয়েক ঘণ্টা আগেই নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠক হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় এই সম্প্রচারমাধ্যমটি।