পেকুয়া প্রতিনিধি:

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট সেবন করে নুরুন নাহার (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পৌরসভার উত্তর গোঁয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুন নাহার ওই এলাকার আমিনুল হকের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ভুলবশত ওষুধ মনে করে ইঁদুর মারার একটি ট্যাবলেট সেবন করেন নুরুন নাহার। কিছুক্ষণ পর তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন চিকিৎসক। পরে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য সাজ্জাদ হোসেন বলেন, ‘নুরুন নাহার দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ওষুধ মনে করে ভুলবশত ইঁদুর মারার ট্যাবলেট সেবনের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রামে নেওয়ার পথে তার মৃত্যু হয়।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘ইঁদুর মারার ট্যাবলেট সেবনে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’